ডুমুরজলায় বিজেপির ঐতিহাসিক সভা, প্রধান বক্তা ছিলেন স্মৃতি ইরানি, ভার্চুয়াল বক্তব্য রাখেন অমিত শাহ - The News Lion

ডুমুরজলায় বিজেপির ঐতিহাসিক সভা, প্রধান বক্তা ছিলেন স্মৃতি ইরানি, ভার্চুয়াল বক্তব্য রাখেন অমিত শাহ

 


দি নিউজ লায়নঃ    ভারতীয় জনতা পার্টি হাওড়া সদরের উদ্যোগে রবিবার হাওড়ার ডুমুরজলা ময়দানে এক জনসভা ও যোগদান মেলা অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে ওই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। এছাড়াও দলের রাজ্য ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ওই সভায়। দুপুর ১২টা নাগাদ সভা শুরু হয়।  সভায় স্মৃতি ইরানি ছাড়াও উপস্থিত ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়, কেশব প্রসাদ মৌর্য, দেবশ্রী চৌধুরী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, সব্যসাচী দত্ত, ডাঃ রথীন চক্রবর্তী, বৈশালী ডালমিয়া প্রমুখ।


 উল্লেখ্য, দিল্লিতে বিদেশি দূতাবাসের সামনে বিস্ফোরণের কারণে অমিত শাহের বঙ্গ সফর স্থগিত হয়ে যাওয়ায়, গতকাল দিল্লিতে অমিত শাহের বাড়িতে গিয়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেন তৃণমূল ত্যাগী বিধায়ক, নেতারা। এদের মধ্যে ছিলেন মন্ত্রীত্ব ত্যাগ করে আসা রাজীব বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল, দল থেকে বহিষ্কৃত বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, হাওড়ার প্রাক্তন মেয়র ডাঃ রথীন চক্রবর্তী, দল থেকে বহিষ্কৃত রানাঘাটের প্রাক্তন পুরপ্রধান পার্থসারথী চট্টোপাধ্যায়, অভিনেতা রুদ্রনীল ঘোষ। ডুমুরজলার সভায় এরা ছিলেন। 


এদিন জনসভার মঞ্চ থেকে এরাজ্যের তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন স্মৃতি ইরানি। তিনি বলেন, করোনার মহামারীতে যখন গোটা দেশের পাশাপাশি এ রাজ্যের মানুষের জন্য মোদী সরকার পাঁচ কেজি চাল, এক কেজি ডাল দিয়েছে সেই সময় এ রাজ্যের তৃণমূল সরকার সেই চাল, ডাল চুরি করেছে। এমনকি আমফানের টাকাও তৃণমূল লুঠ করেছে বলে অভিযোগ করেন তিনি। এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, সংখ্যালঘুদের শুধু ভোট মেশিন হিসাবে ব্যবহার করেছে তৃণমূল। 


তাদের জন্য তৃণমূল কিছুই করেনি। তৃণমূল ছেড়ে কেউ অন্য দলে গেলেই তাকে গদ্দার বলে দেওয়া হচ্ছে। তৃণমূলের স্বাস্থ্যসাথী কার্ডকে ভোট কার্ড হিসাবে কটাক্ষ করে রাজীব বলেন, রাজ্যের মোট বাজেটের সাথে স্বাস্থ্যসাথীর কোনও সামঞ্জস্য নেই। পাড়ায় পাড়ায় সমস্যা আছে বলেই তৃণমূল সরকার এখন দুয়ারে সরকার করে সমাধান করার চেষ্টা করছে। এদিন শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূল এখন প্রাইভেট লিমিটেড হয়ে গেছে। স্বাস্থ্যসাথী আসলে ভোটসাথী কার্ড। আমরা আয়ুষ্মান ভারত চালু করব। পরিবর্তন আনতে হবে বাংলায়। এদিন সর্বশেষ বক্তা হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন অমিত শাহ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.